রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনসহ তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিভাগের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে তারা এ ঘোষণা দেন। এর আগে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
শিক্ষার্থীদের অন্য দুইটি দাবি হলো- ইন্টার্নশিপ ভাতা চালু করা এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানকে টেকনিক্যাল ক্যাডারে অন্তর্ভুক্ত করা।
দাবি আদায়ে শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যানের কক্ষে তালা ও ‘কমপ্লিট শাটডাউন’-এর ব্যানার ঝুলিয়ে আন্দোলন করছেন। এ সময় তারা ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘সাইকোলজির আধিপত্য, মানি না মানব না’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, বৈষম্য নো মোর’, ‘সাইকোলজির আধিপত্য, ভেঙে দাও গুড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন।
বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফারহানা জেবিন (লিজা) বলেন, ‘ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আমাদের ঢাকায় অবস্থান করতে হয়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য ঢাকায় গিয়ে নিজেদের খরচ চালানো কষ্টসাধ্য হয়ে পড়ে। এক্ষেত্রে যদি ইন্টার্নশিপ ভাতা চালু করা হয় তাহলে আমাদের কষ্ট অনেকটাই লাঘব হবে। বিভাগ প্রতিষ্ঠার দশ বছর হয়ে গেলেও এখনো এসব বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’
শিক্ষক নিয়োগে বৈষম্যের অভিযোগ তুলে একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সুমন আলী বলেন, ‘বিভাগের শিক্ষক নিয়োগের সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে শুধুমাত্র চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অনার্স ও মাস্টার্স করা শিক্ষার্থীরাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। তবে বিভিন্ন কারণে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। সম্প্রতি ২০২৫ সালে প্রকাশিত শিক্ষক নিয়োগের সার্কুলারে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু কিছুদিন আগে মনোবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগের সময় চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের কোনো শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়নি।’
তিনি অভিযোগ করেন, ‘বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এনামুল হক মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক। উনি এই পদে আসার পর তাদের বিভাগের পূর্ববর্তী শিক্ষক নিয়োগের সার্কুলারের শর্ত পরিবর্তন করেছেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে শাটডাউন চলবে বলে জানিয়েছে।’
চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. এনামুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
তিস্তার পানির ন্যায্য দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
তিস্তা নদীর পানির ন্যায্য দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে জোহা চত্বরের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা তিস্তা নদীর পানির অধিকার নিশ্চিত করার দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, ‘ভারত সরকার দেশের বিভিন্ন নদীর মুখে বাঁধ নির্মাণ করেছে। এর ফলে বর্ষাকালে পানি আটকে ফসলের ক্ষতি হয়, আবার শুষ্ক মৌসুমে পানি বাধা হয়ে ফসল উৎপাদনে সমস্যা সৃষ্টি করে। তারা আন্তর্জাতিক নদী চুক্তি অনুযায়ী বাংলাদেশের সকল নদীর পানির সঠিক অধিকার নিশ্চিত করার দাবি করেন।’
শাকিবুল/রিফাত/