রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ব্যক্তিগত ফেইসবুক একাউন্টের একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে এ মন্তব্য করেন তিনি। তার মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনা দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনপ্রিয় এক্টিভিস্ট সাদিকুর রহমান খান লিখেছেন, ‘বেগম রোকেয়াকে কাফের আর মুরতাদ বলে গালি দিয়েছেন রাজশাহী ইউনিভার্সিটির এক টিচার। এছাড়াও শাহবাগী-টাগি বলে গালিগালাজ তো আছেই। দেখে মজাই লাগে। মানে রোকেয়া এদের কোন লেভেলের ট্রমা দিছেন, চিন্তা করেন। একটা মানুষ প্রায় ১০০ বছর আগে মারা গেছেন, সেই মানুষটারে এখনও গালিগালাজ করা লাগে। এ থেকেই প্রমাণ হয়, বেগম রোকেয়া কতটা সফল ছিলেন।’
শিক্ষকের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পরমা পারমিতা বলেন, ‘বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশের নারীশিক্ষা ও মানবিক মূল্যবোধের অন্যতম পথিকৃৎ। তিনি কখনোই ধর্মবিদ্বেষী ছিলেন না; বরং অন্ধ কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেছেন-যা ইসলামসহ সব ধর্মই সমর্থন করে।’
তিনি আরও বলেন, ‘কোনো ব্যক্তিকে এভাবে ধর্মীয় গালি দেওয়া শুধু অসম্মানজনক নয়, অন্যায়েরও নামান্তর। ভিন্ন মত বা প্রগতিশীল চিন্তাকে অপমান করে নয়, যুক্তি ও ইতিহাস বুঝে আলোচনা করাই সভ্যতার লক্ষণ। বেগম রোকেয়ার জন্মদিনে তাকে হেয় করার চেষ্টা তার বিশাল অবদানকে ছোট করতে পারে না; বরং আমাদের নিজেদের সংকীর্ণ মানসিকতার পরিচয়ই প্রকাশ পায়।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান জানান, তিনি সাজিদ হাসান নামের একজনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে ওই কথাগুলো লিখেছেন। তার দাবি, ‘ওই পোস্ট পড়ে মনে হয়েছে বেগম রোকেয়া ইসলামবিদ্বেষী ছিলেন। সাজিদ হাসানের পোস্টের পুরো লেখাটা পড়লে বেগম রোকেয়ার সেই পরিচয় এসে যায়।’
এমন মন্তব্যের কারণ জানতে চাইলে তিনি প্রথমে সাজিদ হাসানের ওই পোস্টটি পড়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘এই পোস্টের লেখাগুলো ভেরিফিকেশনের জন্য বড় আলেমের কাছে যেতে হবে। আপনি বুঝবেন না। আলেমের কাছে গেলেই আপনি বুঝবেন তিনি কাফের বা মুরতাদ ছিলেন কি না!’
বেগম রোকেয়ার অন্য কোনো লেখা পড়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, রোকেয়ার লেখা উপন্যাস তিনি পড়েছেন।
খোঁজ নিয়ে দেখা যায়, সাজিদ হাসান নামের ওই ফেসবুক আইডিতে বেগম রোকেয়ার রচনাবলি থেকে ইসলাম সম্পর্কিত বিভিন্ন অংশ খণ্ড খণ্ডভাবে তুলে ধরা হয়েছে, যা শেয়ার করেই রাবি শিক্ষক এই মন্তব্য করেন।
একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের এমন মন্তব্য ঘিরে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘এটা তার ব্যক্তিগত অভিমত। এটা অনেকের ভালো লাগবে না। এটা আমি ব্যক্তিগতভাবে এন্ডোর্স (সমর্থন) করি না।’
শাকিবুল/নাঈম