শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন যথাসময়ে আয়োজনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
এর ফলে দীর্ঘ ছয় ঘণ্টাব্যাপী নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবন-১-এ তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কও অবরোধ করেন তারা।
সরেজমিনে দেখা যায়, প্রশাসনিক ভবনে তালা ঝুলছে এবং ভবনে অবস্থানরত উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ কর্মকর্তারা নিজেদের কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ১৮ জানুয়ারি শাকসুর এক ভিপি প্রার্থীর রিট ও ঢাকায় ছাত্রদলের শাকসু প্রজ্ঞাপন বাতিলের দাবির পর থেকেই উত্তাল অবস্থার সৃষ্টি হয়েছে ক্যাম্পাসে। এর আগে আজ বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে বিক্ষোভ ও অবস্থান নেন। তারা জানিয়েছে, শাকসু সঠিক সময়ে না হলে তারা পুরো ক্যাম্পাস বন্ধ করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করবেন।
ইসফাক/রিফাত/