রি-আর্থ আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ শ্রাবন। ‘রি-আর্থ আন্তর্জাতিক শিল্প পুরস্কার–২০২৫’-এর আলোকচিত্র বিভাগে প্রথম হয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছেন তিনি।
নিউজিল্যান্ডভিত্তিক দ্য লিটল আর্ট এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ-ভিত্তিক ফ্যান মিডিয়া ডিসকভারি প্ল্যাটফর্ম যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে শ্রাবনের তোলা “ড্রিমস ফ্লোটিং অন দ্য রিভার” (নদীর বুকে ভাসমান স্বপ্ন) শিরোনামের ছবিটি চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। একই সঙ্গে তার আরেকটি আলোকচিত্র “স্লিপিং অন দ্য এজ অব সারভাইভাল” (টিকে থাকার প্রান্তে নিদ্রা) ‘জুরি চয়েস’ পুরস্কার লাভ করে।
“ড্রিমস ফ্লোটিং অন দ্য রিভার” (নদীর বুকে ভাসমান স্বপ্ন)
“স্লিপিং অন দ্য এজ অব সারভাইভাল” (টিকে থাকার প্রান্তে নিদ্রা)
এ প্রতিযোগিতায় বিশ্বের ২০টিরও বেশি দেশের আলোকচিত্রী অংশ নেন। সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। জলবায়ু পরিবর্তন ও ভবিষ্যৎ পৃথিবী সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়।
নিজের অনুভূতি জানাতে গিয়ে শ্রাবন বলেন, দেশের সীমানা পেরিয়ে তার তোলা একটি ছবি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিশ্বের নানা দেশের প্রতিভাবান শিল্পীদের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে পুরস্কার অর্জন করা তার জন্য বিশেষ সম্মানের।
তিনি আরও বলেন, এই অর্জন কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশের সম্মান। কারণ তিনি তার ছবির মাধ্যমে দেশের মানুষের জীবনসংগ্রাম ও বাস্তবতার গল্প তুলে ধরেছেন, যা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে শ্রাবন পুরস্কার হিসেবে এক লক্ষাধিক টাকা পাচ্ছেন।
তাসনিম হক/নাঈম