জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহাসমারোহে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এই আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার ভোরবেলা থেকেই বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের (পূর্বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) নিচে রান্নার প্রস্তুতি শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রান্না শেষে দুপুর থেকে হল ক্যান্টিন হতে বিতরণ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ কয়েক হাজার জনের জন্য আজকের ইফতার আয়োজন করা হয়। ইফতারি প্যাকেজে ছিল মোরগ পোলাও, ডিম, খেজুর, বড়ই, কমলা, প্যাকেটজাত কেক, পানি, জুস। এমন উন্নতমানের খাবার পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ে একটা আনন্দঘন ও সাজ সাজ পরিবেশ তৈরি হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সংগীত বিভাগের নবীন শিক্ষার্থী সাজিদ হোসেন বলেন, আজকে বিশ্ববিদ্যালয় হতে এমন সুন্দর ইফতার পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত ও কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ে নতুন হিসেবে এমন আন্তরিক আয়োজন আমাদের জন্য অনেকটা পরিবারের মতো অনুভূতি তৈরি করেছে। বিশেষ করে খাবারের মান, পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা দেখে মনে হয়েছে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দিচ্ছে। আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের সুন্দর উদ্যোগ অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাকিব আহমেদ হৃদয় জানান, এবারের মতো এত সুশৃঙ্খল ও কেন্দ্রীয়ভাবে ইফতার বিতরণ আগে কখনো হয়নি। এটা সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও বৃদ্ধি করে। দীর্ঘদিন পর সবাই একসাথে বসে ইফতার করার সুযোগ তৈরি হয়েছে, যা ক্যাম্পাস জীবনের জন্য খুবই ইতিবাচক দিক। বিশেষ করে ব্যবস্থাপনার শৃঙ্খলা ও সমন্বয় দেখে বোঝা যায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করেছে।
উল্লেখ্য, ইফতার আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টোকেন মানি হিসেবে জনপ্রতি শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে ১০০ টাকা, তৃতীয় শ্রেণির কর্মচারীদের কাছ থেকে ৫০ টাকা, চতুর্থ শ্রেণির কর্মচারীদের কাছ থেকে ২০ টাকা, শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে নেয় এবং বিভাগ হতে প্রেরিত শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী বিভাগের তহবিল হতে জনপ্রতি ৫০ টাকা করে নেয়।
মো. তাসনিম হক রাফি/এসএন