পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শিক্ষার্থীদের নিজস্ব বাসে দেশের ৭টি বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতরের ছুটিতে বিভাগীয় শহরে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে নিজস্ব পরিবহন পুলের বাসগুলো নির্দিষ্ট রুটপ্ল্যান অনুযায়ী চলাচল করবে। আগামী ১৪ মার্চ সকাল ৮টায় জবি ক্যাম্পাস থেকে বাসগুলো একযোগে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। নির্ধারিত রুটপ্ল্যান অনুযায়ী, খুলনা বিভাগের বাসটি (রুট-১) জবি ক্যাম্পাস থেকে ছেড়ে পদ্মা সেতু, ভাঙ্গা, ফরিদপুর (রাজবাড়ী মোড়), মাগুরা (ভায়না মোড়) ও যশোর (মণিহার) হয়ে খুলনা পৌঁছাবে। অন্যদিকে বরিশাল বিভাগের বাসটি (রুট-২) পদ্মা সেতু, ভাঙ্গা, কাশিয়ানী (ভাটিয়াপাড়া মোড়), গোপালগঞ্জ ও পিরোজপুর হয়ে বরিশালের উদ্দেশে যাত্রা করবে।
উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে রংপুর বিভাগের (রুট-৩) জন্য দুটি বাসের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে একটি বাস গাজীপুর (ভোগড়া বাইপাস), গাইবান্ধা সদর ও হরিপুর ব্রিজ হয়ে রংপুর যাবে। অন্য বাসটি বগুড়া, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ী, দিনাজপুর ও সৈয়দপুর (নীলফামারী) হয়ে রংপুর পৌঁছাবে। এ ছাড়া রাজশাহী বিভাগের বাসটি (রুট-৪) ঢাকা, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে রাজশাহী যাবে। চট্টগ্রাম বিভাগের (রুট-৫) শিক্ষার্থীদের জন্যও থাকছে দুটি বাস। একটি বাস কুমিল্লা (আমিরাবাদ), চাঁদপুর (হাজীগঞ্জ) ও লক্ষ্মীপুর (রামগঞ্জ) হয়ে নোয়াখালীর (সোনাইমুড়ি-চৌমুহনী-মাইজদী) দিকে যাবে। অন্য বাসটি কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রাম পৌঁছাবে। এদিকে সিলেট বিভাগের (রুট-৬) বাসটি নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া (বিশ্বরোড), হবিগঞ্জ (মাধবপুর, শায়েস্তাগঞ্জ) ও মৌলভীবাজার (শেরপুর) হয়ে সিলেট যাত্রা করবে।
ময়মনসিংহ বিভাগের বাসটি (রুট-৭) গাজীপুর (রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট) ও কিশোরগঞ্জ (বরপুল) হয়ে ময়মনসিংহ (নান্দাইল), ঈশ্বরগঞ্জ এবং ময়মনসিংহ (বাসস্ট্যান্ড) রুটে চলাচল করবে। শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে ক্যাম্পাসে উপস্থিত হয়ে নিজ নিজ গন্তব্যের বাসে ওঠার জন্য বলা হয়েছে। ঈদযাত্রায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।