পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফিরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। এবার বিড়ম্বনা থেকে রেহাই দিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে শিক্ষার্থীদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে শিক্ষার্থীরা বাড়ি ফিরেন।
সকাল ৮টায় জবি ক্যাম্পাস থেকে এক উৎসবমুখর পরিবেশে বাসগুলো একযোগে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
সকাল ৮টায় বাস ছাড়ার নির্ধারিত সময় থাকলেও, নিজেদের সিট নিশ্চিত করতে ভোর থেকেই বাসের সামনে ব্যাগ রেখে সিরিয়াল দেন শিক্ষার্থীরা। সিটের চেয়ে আনন্দকেই প্রাধান্য দিয়ে শিক্ষার্থীরা বাড়ি ফিরছেন বলে জানান।
বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি (যশোর) যাচ্ছেন শাহরিয়ার। তিনি বলেন, শিক্ষার্থীদের সবার সঙ্গে নিজ এলাকায় যাচ্ছি। বেশ আনন্দ লাগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ।
রাকিব নামের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের তো ঈদে বাড়ি যেতে ভোগান্তি পোহাতে হয়। অতিরিক্ত ভাড়ার চিন্তা নেই। একদম ফ্রিতে বাড়ি যাচ্ছি। সিট না পেলেও বন্ধুদের সঙ্গে যাচ্ছি। এটা অন্যরকম আনন্দদায়ক।
উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বাসগুলোর রুটপ্ল্যান জানানো হয়। নির্ধারিত সেই রুটপ্ল্যান অনুযায়ী আজ সাতটি বিভাগের উদ্দেশে বাসগুলো যাত্রা করে।
এর মধ্যে খুলনা বিভাগের বাসটি (রুট-১) পদ্মা সেতু হয়ে যশোর-খুলনা, বরিশাল বিভাগের বাসটি (রুট-২) গোপালগঞ্জ হয়ে বরিশাল এবং রাজশাহী বিভাগের বাসটি (রুট-৪) সিরাজগঞ্জ-নাটোর হয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে।
উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার জন্য রংপুর রুটে (রুট-৩) দুটি এবং চট্টগ্রাম রুটেও (রুট-৫) দুটি বাসের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়াও সিলেট (রুট-৬) ও ময়মনসিংহ (রুট-৭) রুটেও নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে গেছে।
জবিউল্লাহ/অমিয়/