সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে জলাশয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার একটি জলাশয় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এর আগে, একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে তিন বন্ধু মিলে জলাশয়ে গোসলে নামলে শান্ত বণিক পানিতে ডুবে নিখোঁজ হন।
নিহত শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজার এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যদের বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে। তবে সিলেট থেকে ঠাকুরগাঁওয়ের দূরত্ব অনেক বেশি হওয়ায় তাদের আপাতত এখানে আসতে বারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই মরদেহ বাড়ি পাঠানোর যাবতীয় ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় রিপোর্ট সম্পন্ন করা হবে। ডেথ সার্টিফিকেট পাওয়ার পর মরদেহ ক্যাম্পাসে নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ঠাকুরগাঁওয়ে পরিবারের কাছে পাঠানো হবে।
ইসফাক আলী/অন্তরা