জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের হেনস্তা, গালাগালি ও হুমকির ঘটনায় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ক্যাম্পাসের সাংবাদিকেরা।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় এ অভিযোগপত্র দেন ভুক্তভোগীরা।
অভিযোগ গ্রহণ করে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান আজই তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন এবং সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২৭ জন সাংবাদিক।
গত রবিবার (১৭ মে) সন্ধ্যায় প্রক্টর অফিসের সামনে ভিডিও করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হন। এ সময় নৃবিজ্ঞান বিভাগের নূর এ তামিম স্রোত, অর্থনীতি বিভাগের নাফিজ রাতুল, সানজিদা আফরিন, আনিকা, তাবাসসুম ফারাবিসহ কয়েকজন শিক্ষার্থী অকথ্য গালাগালি করেন এবং মারমুখী আচরণ করেন।
অভিযোগে বলা হয় অর্থনীতি বিভাগের নাজিহা নাওয়ার সাংবাদিকদের ক্যারিয়ার ধ্বংসের হুমকি দেন।
একই দিন দুপুরে রেজিস্ট্রার ভবনে সংবাদ সংগ্রহে গেলে আকিব, সুলতান, অর্নব ও আমানউল্লাহ খানকে বাধা দেওয়া হয় এবং পেশাগত পরিচয় দেওয়ার পরও আমানউল্লাহ খানকে বের করে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্র গ্রহণ করে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, “পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা ও গালাগালির অভিযোগপত্র গ্রহণ করলাম। আজই একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হবে।”
তিনি আরও বলেন, “নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাতে কোনো নিরপরাধী ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো অপরাধী পার না পায়, সেটি নিশ্চিত করা হবে।”
সাংবাদিকরা উপাচার্যের কাছে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন ক্যাম্পাসের সবাই।
আমানুল্লাহ/নাঈম