চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মুক্তিযোদ্ধা হল ক্যান্টিনে পরিবেশিত খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার পর শিক্ষার্থীরা ক্যান্টিনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন।
বুধবার (১৩ মে) রাতে হল ক্যান্টিনে খাবার খাওয়ার সময় স্থাপত্য বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী মুরগির তরকারির মধ্যে তেলাপোকা দেখতে পান। পরে বিষয়টি দ্রুত শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ক্যান্টিনের খাদ্যমান ও পরিচ্ছন্নতা নিয়ে প্রতিবাদ জানান।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, খাবার পরিবেশনের সময় প্রথমে বিষয়টি খেয়াল না করলেও পরে তরকারি প্লেটে নেওয়ার পর তিনি তেলাপোকাটি দেখতে পান। বিষয়টি ক্যান্টিন কর্তৃপক্ষকে জানানো হলে তারা বিল নেওয়া থেকে বিরত থাকেন। পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরা হলে শিক্ষার্থীরা ক্যান্টিন বন্ধের সিদ্ধান্ত নেন। এ ঘটনায় হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
মুক্তিযোদ্ধা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বিপুল চন্দ্র মণ্ডল বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপদ খাবারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ক্যান্টিনের পরিচ্ছন্নতা ও খাদ্যমান নিয়ে আগে থেকেই অভিযোগ ছিল এবং ক্যান্টিন কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, সাম্প্রতিক ঘটনার পর ক্যান্টিন পরিচালনা কমিটির সঙ্গে বিদ্যমান চুক্তি বাতিল করা হয়েছে। নতুন ব্যবস্থাপনার মাধ্যমে ক্যান্টিন পরিচালনার উদ্যোগ নেওয়া হবে এবং ভবিষ্যতে খাবারের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি চালানো হবে।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাস থেকে শিক্ষার্থীরা নবনির্মিত এই হলে আবাসিকভাবে বসবাস শুরু করেন।
ইবাদ হোসেন/নাঈম