বর্তমান যুগে নারীরা ঘর সামলে বাইরেও নিজেদের প্রতিষ্ঠা করছেন। কর্মক্ষেত্রে টিকে থাকা ও এগিয়ে যেতে চাইলে কিছু কৌশলগত দিক মাথায় রাখা অত্যন্ত জরুরি। এ বিষয়ে লিখেছেন রাবেয়া বসরী
সমাজ ও সময় বদলেছে। আগের মতো আর নারীরা শুধু পরিবারের সীমায় আবদ্ধ নন। এখন তারা অফিস, ব্যবসা, প্রশাসন থেকে শুরু করে প্রযুক্তি, চিকিৎসা বা উদ্যোক্তা খাতে দাপটের সঙ্গে কাজ করছেন। অর্থাৎ নারীরা আজ ঘর সামলানোর পাশাপাশি কর্মক্ষেত্রেও নিজেদের যোগ্যতায় জায়গা করে নিচ্ছেন। তবে তাদের জন্য এখনো কর্মক্ষেত্রের যাত্রা সহজ হয়ে ওঠেনি। বরং তাদের জন্য এই পথ অনেক সময় পুরুষদের তুলনায় বেশি চ্যালেঞ্জিং হয়। যেমন কর্মস্থলে লিঙ্গবৈষম্য, নিরাপত্তাহীনতা, বা গৃহস্থালি ও পেশাগত জীবনের ভারসাম্য রক্ষা।
এ ছাড়া সামাজিক বাধা, পারিবারিক চাপ, এমনকি আত্মবিশ্বাসের ঘাটতিও সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। তবে যেকোনো প্রতিকূলতার মধ্যেও নারীরা এগিয়ে যেতে পারেন। এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, দক্ষতা ও মানসিক দৃঢ়তা। শুধু চাকরি পাওয়াই নয়, কর্মক্ষেত্রে স্থায়ীভাবে নিজের জায়গা করে নেওয়া ও নেতৃত্বের ভূমিকায় পৌঁছানোই হলো প্রকৃত সফলতা।
টিপস
আত্মবিশ্বাস গড়ে তুলুন: নিজের দক্ষতা ও সামর্থ্যে বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাসী ব্যবহার আপনাকে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে সাহায্য করবে।
দক্ষতা উন্নয়ন ও শিখতে থাকা: নিয়মিত নিজের দক্ষতা বাড়াতে থাকুন। প্রয়োজন হলে প্রশিক্ষণ, কোর্স বা কর্মশালায় অংশ নিন। বর্তমান প্রতিযোগিতার বাজারে হালনাগাদ থাকা জরুরি।
নেটওয়ার্ক গড়ে তুলুন: পেশাগত জীবনে সাফল্যের জন্য শক্তিশালী নেটওয়ার্ক অপরিহার্য। সহকর্মী, মেন্টর, ও শিল্প-সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। কনফারেন্স, কর্মশালা বা অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় থাকুন। এই সম্পর্কগুলো আপনাকে নতুন সুযোগ, দিকনির্দেশনা ও সমর্থন পেতে সাহায্য করবে।
সময় ব্যবস্থাপনায় সচেতন হোন: কাজের অগ্রাধিকার ঠিক করুন। সময়মতো কাজ শেষ করুন। ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা আপনাকে চাপমুক্ত রাখবে।
নিজের অবস্থান বোঝাতে শিখুন: আপনার কাজ, অবদান ও সাফল্য যেন কেউ ভুলে না যায়। সেজন্য নিজের কণ্ঠস্বর ব্যবহার করুন। প্রয়োজনে ‘না’ বলতেও পিছপা হবেন না।
সৃজনশীলতা বাড়ানো: সৃজনশীলতা বাড়াতে নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন। নিয়মিত বই পড়ুন, ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভাবার অভ্যাস গড়ে তুলুন। রুটিনের বাইরে গিয়ে চিন্তা করুন এবং সমস্যা সমাধানে নতুন পদ্ধতি খুঁজুন। নিরিবিলি পরিবেশ, চিন্তার স্বাধীনতা ও বিশ্রাম সৃজনশীল চিন্তাকে জাগিয়ে তোলে।
নেতিবাচকতার প্রভাব থেকে দূরে থাকুন: কর্মস্থলে সমালোচনা বা অপমানজনক আচরণের মুখোমুখি হলে আত্মবিশ্বাস হারাবেন না। পরিস্থিতি বুঝে পেশাদারভাবে জবাব দিন।
পরিকল্পনায় চৌকস হোন: সফল হতে হলে সুপরিকল্পিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন, অগ্রাধিকার নির্ধারণ করুন এবং সময় অনুযায়ী এগিয়ে চলুন। দীর্ঘমেয়াদি লক্ষ্য ভেঙে ছোট ছোট ধাপে কাজ করুন। পরিকল্পনা আপনাকে সংগঠিত রাখে এবং লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা রাখে।
সুতরাং নারীরা যদি আত্মবিশ্বাস, দক্ষতা ও সচেতনতা নিয়ে এগিয়ে যান তবে কর্মক্ষেত্রে সাফল্য শুধুই সময়ের ব্যাপার। প্রতিকূলতার মধ্যেও সম্ভাবনার দুয়ার খোলা। শুধু দরকার নিজেদের প্রস্তুত রাখা ও সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া। নারীর অগ্রগতি মানেই সমাজের এগিয়ে যাওয়া।