শরীয়তপুরের এক যুবদল নেতার বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। এরমধ্যে দুটি মামলা হয়েছে মানবপাচারের অভিযোগে। কিন্তু এ দুটি ঘটনার সময় তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ছিলেন বলে জানা গেছে।
অভিযুক্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সাগর গত ২৭ ফেব্রুয়ারি একটি মামলায় ঢাকার সিএমএম আদালত থেকে জামিন পেয়েছেন।
মামলার এজাহার ও জামিননামা অনুযায়ী জানা যায়, মাদারীপুরের বাসিন্দা মো. ইলিয়াছ আকন ২০২২ সালের ফেব্রুয়ারির ঘটনায় ২০২৩ সালের ৩ মে যুবদল নেতা মতিউরসহ বিভিন্ন জেলার ১৬ জনের নাম উল্লেখ করে মানবপাচারের অভিযোগে মামলা করেন। মামলায় বলা হয়, বাদী ইলিয়াছের ছেলে ইসমাইলকে ইতালি যাওয়ার প্রস্তাব দেয় মামলার এক নম্বর আসামি হাজী আহমদ আলী। প্রস্তাবে তারা রাজি হয়ে ১৮ লাখ টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ২০২১ সালের ১২ ডিসেম্বর আট লাখ টাকা দেওয়া হয় এবং ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি ইতালি যাওয়ার ফ্লাইট বলে আসামিরা জানান।
ফ্লাইটের আগের দিন ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি তিন হাজার ইউরো নিয়ে ঢাকার পল্টনে যুবদল নেতা মতিউরের ট্রাভেল এজেন্সি সাগর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যেতে বলা হয় ইসমাইলকে। ইসমাইল সেদিন সেখানে গেলে মতিউর ও তার তিন সহযোগী আউয়াল, রাসেল ও রাশেদ কৌশলে তার কাছ থেকে দেড় হাজার ইউরো নিয়ে নেয়। পরে ১৬ ঘণ্টা বসিয়ে রেখে ইসমাইলকে বাড়ি পাঠিয়ে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়। কিন্তু মতিউরের পাসপোর্টে থাকা সৌদি আরবের ভিসা ও ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে ছিলেন মতিউর। ওমরাহ পালন শেষে ৯ মার্চ তিনি দেশে ফেরেন।
ওই মামলায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সাইবার ক্রাইম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) মতিউরকে গ্রেপ্তার করে। কিন্তু আদালত মতিউরের পাসপোর্টে ইমিগ্রেশনের তথ্য দেখে তাকে জামিন দেন।
এ বিষয়ে মামলার বাদী ইলিয়াছ আকন বলেন, ‘আমি মতিউর রহমানকে কখনো দেখিনি ও চিনি না। আমার বাড়ি রাজৈর, তার বাড়ি শরীয়তপুরে।’
লেনদেন না থাকলে বা না চিনলে একজনকে আসামি করেছেন কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘নুরু নামে একজন আমার ছেলের সঙ্গে লিবিয়া থাকেন। তিনি আমার ছেলেকে দিয়ে মতিউর রহমান সাগরের নাম দিয়েছেন। তাই তার নামে মামলা দিয়েছি। এর বেশি কিছু আমি জানি না।’
এ বিষয়ে মামলার আসামি মতিউর রহমান সাগর বলেন, ‘আমি নড়িয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী। বিএনপি করার কারণে দেশের বিভিন্ন জায়গায় আমাকে মামলার আসামি করা হয়েছে। এ রকম ছয়টি রাজনৈতিক মামলা আছে আমার বিরুদ্ধে।’
তিনি বলেন, ‘মাদারীপুরের একজন একটি মানবপাচার মামলায় আমাকে আসামি করেছেন। কিন্তু সেসময় আমি সৌদি আরব ওমরায় ছিলাম।’
এ বিষয়ে কাউন্টার টেররিজমের তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘বিস্তারিত তদন্তের পর দেখব মতিউর রহমান সাগর ঘটনার সঙ্গে জড়িত কি না। যদি প্রমাণিত হয়, এই মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তাহলে আসামির তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে।’