কুমিল্লার দেবিদ্বারে ভাত খাওয়ার জন্য বায়না ধরায় আবদুল্লাহ নামে ৯ বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার সৎমায়ের বিরুদ্ধে।
শনিবার (১৩ জুলাই) সকালে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আবদুল্লাহর বাবা আমান উল্লাহ বাদী হয়ে সৎমা ফারজানাকে আসামি করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত ফারজানাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে আবদুল্লার বাবার সঙ্গে তার মায়ের ছাড়াছাড়ি হয়। পরে ফারজানা আক্তারকে বিয়ে করেন আমান উল্লাহ। বর্তমানে ফারজানার দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। ফারজানার নিজের ছেলেসন্তান হওয়ার পর সৎছেলে আবদুল্লাহকে সহ্য করতে পারতেন না বলে স্থানীয়রা জানান। প্রায় সময়ই শিশু আবদুল্লাহকে মারধর ও নির্যাতন করতেন ফারজানা। শনিবার সকালে আবদুল্লাহ ফারজানার কাছে ভাত খেতে চাওয়ায় বিরক্ত হয়ে শিশু আবদুল্লাহর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ফারজানা। পরে খবর পেয়ে পুলিশ বাড়ির উঠান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উঠানে আবদুল্লাহর লাশ দেখতে পাই। তার গলায় কয়েকটি দাগ পাওয়া গেছে।’
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া জানান, অভিযুক্ত ফারজানাকে আটক করা হয়েছে। আবদুল্লাহর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ফারজানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।