মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮৫০ বছরের প্রাচীন শিব মন্দিরে বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের আরাধনা, পুজা-পার্বণ ভোর থেকে শুরু করে চলে সন্ধ্যা পর্যন্ত।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। এ সময় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।
মহোৎসবে আসা ভক্তরা জানান, এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। আমরা আনন্দিত, কোনো সমস্যা নেই। সুশৃঙ্খলভাবে পুজা-অর্চনা চলছে।
ভারত থেকে আসা এক ভক্ত বলেন, ‘আমি ভারত ও বাংলাদশের বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াই, এ দেশের মানুষের আতিথিয়েতা আমাকে মুগ্ধ করেছে।’
মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল রায় বলেন, ‘আমাদের এই অঞ্চলে কোনো সাম্প্রদায়িক সমস্যা নেই। সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে আমাদের এই উৎসব চলছে। এলাকার সব মানুষ ও বিএনপির স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করছেন।’
মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, ‘এই জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ অঞ্চলে সাম্প্রদায়িক সমস্যা নেই। বর্তমান পেক্ষাপটে যাতে কেউ মন্দিরে হামলা করতে না পারে, সেজন্য একটি স্বেচ্ছাসেবক দল রাত-দিন মন্দিরগুলো পাহারা দিচ্ছে।’
মঈনুউদ্দিন সুমন/জোবাইদা/অমিয়/