সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় দফায় ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করছে রাঙামাটি জেলা প্রশাসন। তবে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে প্রথম দফায় সিদ্ধান্ত জানিয়েছিলেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিরুৎসাহিতকরণের এই সময়সীমা শেষ হয়।
এর মধ্যে শুক্রবার রাতে আবারও নতুন করে একই সিদ্ধান্তের বিষয়টি জানায় জেলা প্রশাসন।
মোশারফ হোসেন বলেন, ‘খাগড়াছড়ির বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। এর মধ্যে সাজেকে পর্যটকরা তিন দিন আটকে ছিলেন। এই মুহূর্তে পরিস্থিতি না দেখে পর্যটকদের ভ্রমণে যাওয়া ঠিক হবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে পর্যটক ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না।’
এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার জেরে চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন।
এ ছাড়া দোকান, বসতবাড়ি. গাড়ি, অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ তাণ্ডবে পাহাড়জুড়ে ব্যাপক ভীতি ও অস্থিরতা ছড়িয়ে পড়ে। এখনো সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় প্রশাসন থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জুয়েল/পপি/অমিয়/