রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জেলার মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুপুর একটা এবং রাত সাড়ে ৯টার দিকে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার দাসপাড়ার মমতাজুল ইসলাম মো. পলাশ (২১)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন।
একই জেলার রানীনগর উপজেলার তালিমপুর গ্রামের তোতা হাজী আব্দুল কুদ্দুস (৪০)। তিনি পেশায় মসজিদের ইমাম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাত নয়টার দিকে রাজশাহী থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় একটি মালবাহী ভটভটি। এতে অটোরিকশায় থাকা দুইজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট বাঁশহাটা এলাকায় দুপুর একটার দিকে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলামের (৪৭) মৃত্যু হয়। তিনি উপজেলার সাঁকোয়া গ্রামের কসিমুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আমিনুল ভাড়া নিতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে কেশরহাট বাঁশহাটায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক মোস্তাহিদ। মোস্তাহিদের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার সাবাইহাট এলাকায়।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, দুপুরে দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু হয়। আর রাত সাড়ে ৯টায় দুর্ঘটনায় এক সেনাসদস্যসহ দুজনের মৃত্যু হয়। আমরা সেনাসদস্যের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আসছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় অটোরিকশা ও মালবাহী ভটভটি চালককে আটক করা হয়েছে। তাদের গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে মামলা হবে। এ ছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এনায়েত করিম/তাওফিক/সাদিয়া নাহার/