জলবায়ু তহবিলের ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি উপলক্ষে বরগুনায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) তালতলী উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সওদাগর পাড়া সবজি পল্লীতে গিয়ে শেষ হয় র্যালিটি।
ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা ও তালতলী সাইক্লিং ক্লাবের আয়োজনে র্যালিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার র্যালি উদ্বোধন করেন। এসময় সহকারী শিক্ষক জসিম উদ্দীন, তালতলী চারুকলা একাডেমির পরিচালক রফিকুল ইসলাম অন্তর, সওদাগর পাড়া আদর্শ কৃষক সমিতির সভাপতি শাহাদাত হোসেন মাতুব্বর, পরিবেশকর্মী মোস্তাফিজ আকন, ওয়াটারকিপার্স বাংলাদেশের তালতলী-আমতলীর সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবের বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করতে বর্জ্য ও কার্বন নিঃসরণ কমিয়ে আনাসহ জলবায়ু ইস্যু নিয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করা করতে হবে। বরিশাল ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষিত বর্জ্য পায়রা নদীতে ফেলার কারণে নদীতে ইলিশ মাছ কমে যাচ্ছে। এছাড়াও নির্গত কালো ধোঁয়ায় সওদাগপাড়া সবজি পল্লী ও টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। তাই অবিলম্বে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ বাংলাদেশের সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে আমরা যাতে টিকে থাকতে পারি সেই উদ্যোগ গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
মহিউদ্দিন অপু/মাহফুজ/এমএ/