আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার (১৬ নভেম্বর) গভীর রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।
রবিবার (১৭ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মতলব উত্তর ইনচার্জ ইন্সপেক্টর নুরুল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাতে আগুনের খবর পাই। মায়া চৌধুরীর বাড়ির দুটি তিনতলা ভবনের নিচতলায় আগুন দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।‘
এ প্রসঙ্গে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী বলেন, ‘আমরা সন্ধ্যার দিকে মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাই। দুটি বাড়ির নিচতলায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছিল। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ কারণে আগুন নিচতলাতেই সীমাবদ্ধ ছিল। কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি।’
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই থেকে মায়া চৌধুরী আত্মগোপনে রয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।
ফয়েজ/জোবাইদা/সালমান/