মেহেরপুরের গাংনীতে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও গুলিসহ ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় বিপুল পরিমাণ বীজ, সার, কীটনাশক ও কম্বল জব্দ করা হয়।
শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টা থেকে টানা ১২ ঘন্টা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আজমাইন কাথুলি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের আক্কাছ আলীর ছেলে।
র্যাব-১২ ক্রাইম প্রিভেনশন সেন্টার-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি আশরাফ উদ্দীন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, মেম্বারের বাড়িতে অস্ত্র ও সরকারি বিভিন্ন মালামাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন শুটার গান, দুই রাউন্ড গুলি, চারটি হাসুয়া, কৃষি অধিদপ্তরের আওতায় কৃষকদের জন্য বরাদ্দ করা ৪৫ প্যাকেট সরিষা বীজ, ৯ প্যাকেট মাসকলাই বীজ, ১৫ বস্তা টিএসপি, ডিএপি ও পটাশ সার, ২০টি কম্বল, মহিলাবিষয়ক অধিদপ্তরের বরাদ্দ দেওয়া দুইটি সেলাইমেশিন, পুষ্টি কর্মসূচির আওতায় বরাদ্দ করা ২০ কেজি চাল ও দুইটি চাল রাখার ড্রাম জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, টুটুলকে গাংনী থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সূত্র: বাসস
মেহেদী/অমিয়/