সাভারের আশুলিয়ায় একযুগ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত তাজরিন ফ্যাশনের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে শ্রদ্ধা নিবেদন করেছেন আহত শ্রমিকরা।
রবিবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরিন ফ্যাশনে শ্রদ্ধা জানান তারা।
পরে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরাও তাদের সঙ্গে হতাহতাদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
২০১২ সালের ২৪ নভেম্বর অগ্নিকাণ্ডের পর থেকে নয়তলা ভবনটি পরিত্যক্ত ও বন্ধ রাখা হয়। গার্মেন্টসের প্রধান ফটকে ঢুকতে দেওয়া হয়নি কাউকে। এমনকী বছর ঘুরে এই দিনটিতে তাজরিনের আহত শ্রমিক, নিহতদের স্বজন ও শিল্প পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য আসলে তাদেরও প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ।
শ্রদ্ধা জানাতে আসা তাজরিনের আহত শ্রমিক রেহেনা আক্তার বলেন, ‘আমরা একযুগ ধরে ধুঁকে ধুঁকে মরছি। শরীরের বিভিন্ন জটিল সমস্যার নামমাত্র চিকিৎসা পেয়েছি। কোনো ক্ষতিপূরণ আমাদের দেয়নি সরকার কিংবা বিজিএমইএ। তাজরিনের ভয়াবহ ঘটনার পর কেউ খবর নেয়নি। যে কারখানার মালিক গেটে তালা ঝুলিয়ে এতগুলো শ্রমিককে পুড়িয়ে হত্যা করল, সেই খুনি দেলোয়ারও আজ পর্যন্ত শাস্তি পায়নি। আমরা চাই বর্তমান সরকার এই খুনির বিচার, আমাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করবে।’
বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু তাজরিন গার্মেন্টসের এই পরিত্যক্ত ভবনটি সংস্কার করে শ্রমজীবী হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন।
ইমতিয়াজ/জোবাইদা/অমিয়/