মানিকগঞ্জের সিংগাইরে সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অভিযুক্ত প্রেমিক মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ঢাকার সাভার থেকে তাকে গেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর মাহদীর দেওয়া তথ্যে তানিয়ার মোবাইল, হত্যায় ব্যবহৃত ওড়না এবং সার্জিক্যাল হ্যান্ডগ্লাভস উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ২৫ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তানিয়ার সঙ্গে মাহদী হাসানের পরিচয় হয়। মোবাইলে কথা বলার মাধ্যমে তাদের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এটা জানাজানি হলে উভয়ের পরিবার আপত্তি জানায়।
অন্যদিকে তানিয়ার সঙ্গে একাধিক পুরুষের সম্পর্কের খবর জানতে পেরে ক্ষুব্ধ হয় মাহদী। তাই ২৫ নভেম্বর রাতে জন্মদিনের কেক নিয়ে সে তানিয়ার বাড়িতে আসে। এরপর তানিয়াকে বাথরুমে ডেকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে। তানিয়ার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনার পরদিন তানিয়ার বাবা মো. আবুল হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস বলেন, ‘ক্লুলেস এই হত্যাকাণ্ড উদঘাটনে পুলিশ অক্লান্ত পরিশ্রম করেছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের দক্ষতা প্রমাণিত হয়েছে।'
আসাদ জামান/সুমন/এমএ/