লালমনিরহাটে কোনো ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়াই মেধার ভিত্তিতে ১২০ টাকায় ৩৬ তরুণ-তরুণী পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। এতে প্রাথমিকভাবে ৩০ জন ছেলে ও ছয়জন মেয়ে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল সেডের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানান।
তরিকুল ইসলাম বলেন, লালমনিরহাটের প্রায় তিন হাজার ৬০০ প্রার্থী কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। পরে দীর্ঘ প্রক্রিয়া শেষে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে ৩৬ জনকে প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। মেধা কোটা ব্যতীত অন্য কোনো কোটার প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়নি। আমি আশা করছি নির্বাচিত এসব প্রার্থীরা কোনো প্রকার অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিবে।
নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকের উদ্দেশ্যে তিনি বলেন, ১২০ টাকায় আপনাদের সরকারি চাকরি হয়েছে। এ সুযোগে বিভিন্ন প্রতারক চক্র আপনাদের সঙ্গে যোগাযোগ করে তারা চাকরি পাইয়ে দিয়েছে বলে প্রলোভন দেখানোর ঘটনা ঘটলে আমাকে জানালে তাদের ধরে জেলে পাঠানো হবে।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম (প্রশাসন ও অর্থ) এবং লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের উপস্থিত ছিলেন।
মাহফুজ/এমএ/মেহেদী