বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় জেলার মুলাদী উপজেলার মীরগঞ্জ-মুলাদী সড়কের বড়ইয়া খাসেরহাট উঁচু পোল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চরলক্ষ্মীপুর নন্দীরবাজার এলাকার একটি মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করার কথা ছিল ড. ফরহাদের। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
নিহত উপসচিব ড. মো. ফরহাদ হোসেন মুলাদি উপজেলার নন্দীর বাজার এলাকার মাওলানা কাদের হাওলাদারের ছেলে। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) উপসচিব ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, শুক্রবার বিকেলে মীরগঞ্জ ফেরিঘাট থেকে একটি থ্রি-হুইলারযোগে মুলাদী সদরের উদ্দেশে রওয়ানা দেন ফরহাদ হোসেন। থ্রি-হুইলারটি (মাহিন্দ্রা আলফা) প্যাদারহাট পার হয়ে হাওলাদার ব্রিজের কাছাকাছি পৌঁছালে একটি কুকুর হঠাৎ সেটির সামনে আসে। চালক আকস্মিক ব্রেক দিলে থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চালকের যে পাশে মো. ফরহাদ হোসেন বসা ছিলেন, মাহিন্দ্রাটি সেই পাশে উল্টে যায়। এতে ফরহাদ হোসেন মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ড. ফরহাদ হোসেনের মৃত্যু হয়।
এদিকে চরলক্ষ্মীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, নন্দীর বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নিতেই তিনি ঢাকা থেকে চরলক্ষ্মীপুরে আসছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘মো. ফরহাদ হোসেনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনসহ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মঈনুল ইসলাম সবুজ/এমএ/