আখাউড়ায় শস্যদানা দিয়ে মানচিত্র ও মরিচ দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা ফুটিয়ে তোলা হয়েছে।
বিচিত্র এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শনার্থীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে ভিন্নধর্মী এই আয়োজন করে উপজেলা প্রশাসন।
দিনব্যাপী বিজয় মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল বসেছে। স্টলগুলোতে বর্ণিল প্রদর্শনী থাকলেও বেশি দর্শনার্থী উপজেলা কৃষি অফিসের স্টলে।
স্টলে বিভিন্ন ধরনের ধানসহ রাখা আছে নানা ধরনের শস্যদানা দিয়ে তৈরি মানচিত্র ও কাঁচা ও পাকা
মরিচ দিয়ে তৈরি লাল সবুজের পতাকা।
আয়োজনে এসে পৌরশহরের নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফারুক মিয়া বলেন, 'এটি একটি সুন্দর ও শিক্ষনীয় প্রদর্শনী। শিক্ষার্থী ও দর্শনার্থীরা এখান থেকে বাংলাদেশ সম্পর্কে ভাল কিছু জানতে পারবে।'
ব্যতিক্রম এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
এদিকে আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া বলেন, কাঁচা মরিচ ও শুকনো মরিচ দিয়ে যে লাল-সবুজের মানচিত্র তৈরি করা হয়েছে তা অসাধারণ।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে জানান, প্রতিবার মেলায় ব্যতিক্রম কিছু করার চেষ্টা থাকে। দেশের আটটি বিভাগীয় অঞ্চলে যেসব শস্যদানা উৎপাদন হয় সেগুলো ব্যবহার করে বাংলাদেশের মানচিত্র ও মরিচ দিয়ে লাল সবুজের পতাকা তৈরি করা হয়েছে।
এ ছাড়া প্রদর্শনীতে রাখা ধান থেকে দর্শনার্থীরা খুব সহজে ধানের বিভিন্ন জাত সম্পর্কে জানতে পারবেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসুম।
প্রদর্শনীতে আখাউড়ায় উৎপাদিত ভালো জাতের মাশরুম রাখা হয়েছে বলে জানান তিনি।
এই আয়োজন দর্শনার্থীদের জন্য রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজেলা পারভীন রুহী।
জুটন বনিক/নাইমুর/অমিয়/