গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাক-বড়দিন অনুষ্ঠানের খাবার খেয়ে ১৬৩ শিশু-কিশোর-কিশোরী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১৪৮ জন হাসপাতালে চিকিৎসা নিলেও ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের এজি চার্চের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটে।
জানাগেছে, কান্দি এজি চার্চে সকাল ৯টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করে। এসব শিশু-কিশোরকে দুপুর ২টার দিকে বিরিয়ানীর প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানী শিশু-কিশোররা খাওয়ার পর সন্ধ্যার দিকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরবর্তী সময়ে অসুস্থ শিশু-কিশোরদের অভিভাবকগণ কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক শিশু-কিশোরকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ধারাবাশাইল গ্রামের বিপুল রায়ের স্ত্রী সাথী রায় বলেন, আমার চার মেয়ে ইষ্টিলা রায় (১১), এঞ্জেলা রায় (৯), সৃষ্টি রায় (৬), পল্লবী রায় (৩) সকালে এজি চার্চের অনুষ্ঠানে যায়। বিকেল সাড়ে ৩টায় ওরা ওই প্রতিষ্ঠানের দেওয়া বিরিয়ানী নিয়ে বাড়িতে আসে। এরপর তারা ওই খাবার খাওয়ার কিছুক্ষণ পরই বমি ও পাতলা পায়খানা শুরু।
কান্দি ইউনিয়ন চার্চ অব বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা মোবাইল ফোনে বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি কেন এমন ঘটনা ঘটল।
এ বিষয়ে জানার জন্য ধারাবাশাইল বাজারের হোটেল ব্যবসায়ী গোবিন্দ বোসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস মোবাইল ফোনে বলেন, সন্ধ্যার দিক থেকে হাসপাতালে বমি ও পাতলা পায়খানাজনিত সম্যসা নিয়ে শিশু-কিশোরেরা আসতে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগীদের চাপ বাড়তে থাকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাবারের সমস্যা থেকে এরা অসুস্থ হয়েছে। আমরা আমাদের সাধ্যমত চিকিৎসা দিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, ১৬৩ জন অসুস্থ হলেও এখন হাসপাতালে ভর্তি আছে ৯ জন। বাকীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বাদল সাহা/মাহফুজ/এমএ/