চাঁদপুরের মাঝেরচরে জাহাজের ৭ শ্রমিক হত্যার রহস্য উদঘাটন, হত্যার বিচার এবং নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে মুন্সীগঞ্জের নৌ-যান শ্রমিকরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচি শুরু হয়।
মুন্সীগঞ্জে লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে অবস্থান নিয়ে সব পণ্যবাহী জাহাজ শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ-যান ও শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার।
বাংলাদেশ নৌ-যান ও শ্রমিক ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. তাইজুল ইসলাম বাদশার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জাহাজী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরে আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক অলিউর রহমান এবং চট্রগ্রাম জাহাজী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সেলিমসহ আরও অনেকে।
এ সময় বক্তারা ৭ শ্রমিক খুনের বিচারের পাশাপাশি বিভিন্ন সময়ে নৌ-দুর্ঘটনায় আহত শ্রমিকের সু-চিকিৎসা, নৌ-পথে শ্রমিক হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধের দাবী জানান।
আগামী দুই দিনের মধ্যে ৭ খুনের রহস্য উদঘাটন, নৌ নিরাপত্তা নিশ্চিত করা ও শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত এবং সব শ্রমিকদের গেজেট অনুযায়ী বকেয়া বেতন ও পাওনা পরিশোধের কার্যকরি ব্যবস্থা গ্রহণ না করা হলে একযোগে লঞ্চ, বাল্কহেড ও লাইটার জাহাজসহ সব ধরনের যাত্রী ও পণ্যবাহী নৌ-যান বন্ধ করে দেওয়ার হুশিয়ারী দেন।
সাদিয়া নাহার/