প্রথমবার বাংলাদেশে আসছেন পবিত্র কাবা শরিফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী। আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে তার আসার কথা রয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফেনীর দাগনভূঞার রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার মোহতামিম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর।
সালাহ উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে অংশ নিয়ে জুমার নামাজ পড়াবেন কাবা শরিফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী। এতে লক্ষাধিক মুসল্লির জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে।’
তিনি বলেন, ‘১৯৭৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে এখানকার এলাকায় দীনি শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে আমাদের প্রতিষ্ঠানটি। বিগত ১০ বছর বিশ্বের ও দেশবরেণ্য আলেম-উলামায়ে কেরামের অংশগ্রহণে সম্মেলন হচ্ছে।’
তিনি জানান, হেলিকপ্টারযোগে এখানে এসে নামবেন ড. হাসান বোখারী। এই প্রথম দেশে কাবা শরিফের কোনো ইমাম আসছেন। এটি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চট্টগ্রামের মিরসরাই এলাকার জন্য সর্ববৃহৎ মহাসম্মেলন হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি আলহাজ একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের জেলা ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী, সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ পেয়ার, সমাজসেবক রবিউল হাসান, আব্দুর রশিদ জুয়েল, মোহাম্মদ আলী, মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠানের নায়েবে মোহতামিম মুফতি মোহাম্মদ হাসান, মাওলানা সাঈদ আহমেদ, বশির আহমেদ প্রমুখ।