সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপিপন্থি মাত্র সাতজন নির্বাচিত হয়েছেন। তাদের ভরাডুবি হয়েছে শীর্ষ পদের লড়াইয়ে। এই নির্বাচনের তিন দিন পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত রবিবার ওই ইউনিটের বিলুপ্তি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বছরের শুরুতেই সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৫ জানুয়ারি। কিন্তু নির্বাচনে শীর্ষ পদগুলোতে হেরে গেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। তাই ১৬ জানুয়ারি ভোরে ফলাফল ঘোষণার পর এই নিয়ে আলোচনা আদালতপাড়া থেকে গড়িয়েছে অন্যান্য মাধ্যমেও। বিশেষ করে তৃণমূলের বিএনপির নেতা-কর্মী ও আইনজীবীদের তথ্যমতে, সুষ্ঠু ভোট হওয়ার পরও দলীয় কোন্দলেই ভরাডুবি হয়েছে বিএনপিপন্থি আইনজীবীদের।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট শাখার সভাপতি ছিলেন অ্যাডভোকেট এখলাসুর রহমান ও সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী। গত বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুক্রবার ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৬ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগপন্থি ৯, বিএনপিপন্থি ৭ এবং জামায়াতপন্থিরা ২টি পদে বিজয়ী হয়েছেন।