ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মাদারীপুরের রাজৈর উপজেলার সিটি হাসপাতালের সেবা কার্যক্রম। হাসপাতাল ভবনটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এ নিয়ে দুর্ঘটনার আশঙ্কার করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রাজৈর পৌরসভার টেকেরহাট এক নম্বর ব্রিজ এলাকার মহাসড়কের পাশের একটি পুকুর ভরাট করে ৬ তলার ভবন নির্মাণ করা হয়। পরে সেই ভবনে সিটি হাসপাতালের কার্যক্রম চালু করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরের অনুমতিপত্র ছাড়াই চলছে হাসপাতালটির কার্যক্রম। এদিকে কার্যক্রম শুরুর পরেই ভবনে ফাটল দেখা দেয়। এর ফলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান আনিচ বলেন, ইটের গাঁথুনিতে হয়তো পানি কম দেওয়া হয়েছিল। তাই ফাটল দেখা দিতে পারে। হাসপাতালটি আমার সম্পদ। এটা নিয়ে আমার মাথাব্যথা নেই, অথচ মাথাব্যথা অন্যদের! ফায়ার সার্ভিস, পৌরসভা সব কিছু দেখেই অনুমতি দিয়েছে। অথচ মানুষ শত্রুতামূলকভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
রাজৈর পৌরসভার সচিব ইকরামুল্লাহ চৌধুরী বলেন, মাটি পরীক্ষায় উত্তীর্ণ হলে ৬ তলা ভবনের অনুমতি দেওয়া যেতে পারে। তবে সিটি হাসপাতালের ভবন নির্মাণের অনুমতি আছে কি না, তা জানা নেই বলে জানান তিনি।
এদিকে মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনির আহম্মদ বলেন, ‘সিটি হাসপাতাল লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে। তবে প্রয়োজনীয় সব কাগজপত্র না থাকায় লাইসেন্স নবায়ন করা হয়নি।’