চাচাতো-জেঠাতো তিন ভাই একই মোটরসাইকেলে ব্যাডমিন্টন খেলতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক ভবনের সঙ্গে ধাক্কায় ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী এলাকার আনিসুর রহমান ঠান্ডুর ছেলে ও স্থানীয় বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সান শেখ (১৬) এবং তার চাচাত ভাই একই এলাকার রফিকুল ইসলামের ছেলে ও একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাফাত শেখ (১৪)। এই ঘটনায় আহত রাহি শেখ (১৪) একই এলাকার দলিল লেখক সেলিম শেখের ছেলে ও একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতর পরিবার ও প্রতয়ক্ষদর্শী সূত্র জানায়, ত্রিমোহনী এলাকার ওই তিন কিশোর ব্যাডমিন্টন খেলার জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকায় রাস্তার পাশের দেয়ালে মোটরসাইকেলটি আঘাত করে। পরে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালক সানকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় অপর দুজনকে রাজশাহী মেডিকেলে রেফার করলে পথেই সাফাত মারা যায়। অপরজনকে রামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কামাল/মেহেদী/