চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে নগ্ন করে পেটানোর হুমকি দেওয়া শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি)।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চত করেছেন সিএমপির উপ-কমিশনার রইস উদ্দিন। তিনি জানান, গত মঙ্গলবার রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে এ হুমকি দেন মো. সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ। তাকে ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে। গ্রেপ্তারের জন্য যে তথ্য দিয়ে সহায়তা করবেন তাকে পুরস্কার দেওয়া হবে।
এ ঘটনায় ওসি আরিফুর রহমান বাদী হয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) রাতেই থানায় জিডি করেছেন। পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফ চাঁদাবাজিসহ তার সন্তান হত্যায় জড়িত। তাকে যাতে বদলি করা হয়।’
এ বিষয়ে ওসি আরিফুর রহমান বলেন, ‘সাজ্জাদের চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধে বায়েজিদ থানা পুলিশের কঠোর অবস্থানের কারণে পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করছে শীর্ষ এই সন্ত্রাসী।’
সম্প্রতি সাজ্জাদকে ধরতে গিয়ে তার স্ত্রী শারমিন আকতারকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে থানা হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে ওসি ও এসআইসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন শারমিন। এরপর ২৭ জানুয়ারি তার অনুসারী ৬ ডাকাতকে গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ।