সিলেটের ওসমানীনগর উপজেলায় ১৯ মাইল নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে আরও দু’জন মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার রূপগঞ্জ থেকে এক পরিবারের সদস্যরা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২৯-৬৮৩০) দিয়ে সিলেট আসছিলেন। সকাল পৌনে ৮টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে এলে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের (ঝিনাইদহ-ট ১১-০৮৫৭) সঙ্গে সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা সায়মা আক্তার ইতি ও তার ছেলে আয়ানকে সিলেটের ওসমানীনগরের প্যারাডাইস মেডিকেল কমপ্লেক্সে ও অপর দুজনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহত ৪ জনের মধ্যে একজন হলেন ঢাকার ডেমরা থানার আশুলিয়া এলাকার জাহিদের স্ত্রীর সায়মা আক্তার ইতি (৩৫) তার ছেলে আয়ান (৭), শরীফ মলুমের স্ত্রী শামীমা ইয়াসমিন (৩৮) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মোগড়াপাড়া এলাকার মিলন ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া (৩৮)। নিহত সোহেল গাড়ির চালক ছিলেন। নিহত সবাই একই পরিবারের সদস্য।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া খবরের কাগজকে বলেন, দুর্ঘটনার সময় প্রাইভেট কারটি সিলেটের দিকে আসছিল এবং ট্রাকটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ১৯ মাইল এলাকায় ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে ৪ জন মারা গেছেন। এরমধ্যে ঘটনাস্থলেই দুজন মারা গেছে। পরবর্তী সময়ে হাসপাতালে নেওয়ার পর আরও দু’জন মারা যান।
শাকিলা ববি/মাহফুজ