চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার একটি ভবনের বাসার গৃহকর্তাকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় মারধরে বাসার এক সদস্য আহত হয়েছেন। মেট্রোপলিটন পুলিশের সোয়াত দল উপস্থিত হয়ে সেই গৃহকর্তাকে উদ্ধার করেছে। এ ঘটনার পর পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশ থানার পাশে আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল-সংলগ্ন দোতলা ভবনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, ‘গৃহপরিচারিকাসহ চারজন মিলে ঘরের গৃহকর্তাকে জিম্মি করে। সেখান থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সময় দুইজনকে আটক করা হয়েছে। অন্যদিকে ভবনের চারপাশে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।’
পুলিশ আরও জানায়, আকাশ নামের গৃহকর্মী তার চার বন্ধু মিলে ওই বাসার মালিককে জিম্মি করেছিল। বন্ধুরা হলো, মো. সাব্বির, মো. রিয়াদ ও মো. বায়েজীদ। তারা চেয়েছিল স্বর্ণ ও টাকা লুট করতে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। কিন্তু আকাশ একটি ছুরি নিয়ে বাসার টয়লেটে গৃহকর্তাকে নিয়ে লুকিয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সোয়াত দল সেই টয়লেটের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।
চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ক্ষোভে এ কাজ করতে চেয়েছিল আকাশ। সে চেয়েছিল ভয় দেখিয়ে কিছু টাকা-পয়সা হাতিয়ে নেওয়া। কিন্তু তাদের উপস্থিতি জানাজানি হওয়ায় পাশে থানায় খবর দেন স্বজনরা। এতে পুলিশ এসে বাড়িটি ঘিরে ফেলে। পরে গৃহকর্তাকে উদ্ধারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, ‘বাসাটিতে প্রবেশ করে ঘরের লোকজনকে জিম্মি করে রেখেছিল ডাকাতরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। আমরা সাউন্ড গ্রেনেড ফাটিয়ে তাকে উদ্ধার করেছি। আহত অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুইজনকে থানায় নেওয়া হয়েছে।’