কাতারের দোহায় সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর (৫৮) নামে এক বাংলাদেশি হাফেজ নিহত হয়েছেন। সেখানে তিনি একটি মসজিদের খাদেম ছিলেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে দোহা হামাদ মেডিকেল সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মো. জাহাঙ্গীর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মৃত আব্দুছ ছোবহান শাহর ছেলে। তিনি কাতারে যাওয়ার আগেও একই গ্রামের একটি জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, জীবিকার তাগিদে ১২ বছর আগে কাতারে গিয়েছিলেন হাফেজ জাহাঙ্গীর। সেখানে একটি মসজিদের খাদেম ছিলেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) জুমার নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে দোহা হামাদ মেডিকেল সিটি হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
নিহতের বড় ভাই মাওলানা কামাল উদ্দিন বলেন, আমার ভাইয়ের স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে। এমন মৃত্যুতে আমাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।
মিন্টু/মেহেদী/