খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরোর প্রধান শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর।
সভায় বক্তারা সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের হত্যা মামলার পুনঃতদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।
সভায় বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপপ্রধান তথ্য অফিসার এএসএম কবীর, সাংবাদিক শেখ দিদারুল আলম, আবু হাসান, এইচএম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, রাশিদুল ইসলাম, এমএ হাসান, শেখ কামরুল আহসান, মো. মাকসুদুর রহমান (মাকসুদ), আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন, মুহাম্মদ নূরুজ্জামান, খলিলুর রহমান সুমন ও শেখ বেলাল উদ্দিনের ছোট ভাই শেখ শামসুদ্দীন দোহা।
এর আগে ক্লাবের নেতারা ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া নিহত ও মৃত্যুবরণকারী সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
মাকসুদ রহমান/মাহফুজ