মাদারীপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছদ্মবেশে অভিযান চালিয়ে এমদাদ হাওলাদার (৫০) নামে এক দালালকে আটক করেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুদকের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আটক এমদাদ হাওলাদার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামের আব্দুর রফিক হাওলাদারের ছেলে। সে শহরের ইটেরপুল এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া থেকে এই কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে জানা গেছে।
দুদক জানায়, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ও তার আশপাশে বেপরোয়া হয়ে উঠছে দালালচক্র। এমন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে সেখানে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে গোপনে কথোপকথন ভিডিও করেন কর্মকর্তারা।
পাসপোর্ট করে দেবার শর্তে এক প্রত্যাশীর কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা দাবি করে এমদাদ হাওলাদার। পরে তাকে হাতেনাতে ধরা হয়।
দুদকের মাদারীপুরের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ভবিষ্যতে পাসপোর্ট অফিস ও তার আশপাশে এমন কর্মকাণ্ডে লিপ্ত না থাকার শর্তে এমদাদকে তার স্ত্রীর জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হয়রানি বন্ধে পাসপোর্ট অফিসে এমন অভিযান চলমান থাকবে।
মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘পাসপোর্ট অফিসের বাইরে থেকে এক দালালকে আটক করেছে দুদকের কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
রফিকুল ইসলাম/সুমন/