ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে জনপ্রিয় ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী তাফসির পেশ করছেন। তার বয়ান শুনতে লাখো মানুষের ঢল নেমেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ জোহর আজহারী বয়ান শুরু করেন। এর আগে সকাল ১০টায় মাহফিল শুরু হয়। তখন আমন্ত্রিত অতিথিরা বয়ান পেশ করেন।
পরে আজহারীর তাফসির শুরুর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা আজহারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে মাহফিলে বিপুল সংখ্যক মানুষ উপস্থিতির কারণে শহরে যানবাহন চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। শহরে রিকশা-অটোরিকশা চলছে। তবে তা অন্যান্য দিনের চেয়ে কম। অনেকে বয়ান শুনতে হেঁটে হেঁটে আসেন।
এর আগে মাহফিলকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই প্রচারণা করছিল আয়োজক কমিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাহফিল হওয়ার বিষয়টি মানুষ জানতে পরেন। কয়েকদিনের চেষ্টায় শুক্রবার বিকেলে মাহফিলের সবধরনের প্রস্তুতি শেষ করা হয়। মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। তারা মাহফিলের স্থানসহ শহরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়িয়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, মাহফিল উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে। মানুষের ঢল নামবে আগেই ধারণা ছিল। এজন্য সার্কিট হাউজ মাঠ, জিলা স্কুল মাঠ, গভমেন্ট ল্যাবরেটরী স্কুল মাঠ, উমেদ আলী মাঠসহ লেডিস ক্লাব মাঠ প্রস্তুত করা হয়েছে। শুধুমাত্র নারীদের জন্য জিলা স্কুল বর্ডিং মাঠ প্রস্তত রয়েছে। এছাড়া রয়েছে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা, পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা, চার শতাধিক অজুখানা, ইন্টারনেট সচল রাখার জন্য বাংলালিংক টাওয়ার। রয়েছে স্বেচ্ছাসেবক দলসহ তিনটি মেডিকেল ক্যাম্প। আল ইসলাম ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করছেন শায়কুল হাদিস হাফেজ মাওলানা নুরুল ইসলাম।
আয়োজক কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিলন বলেন, 'মিজানুর রহমান আজহারী বাংলাদেশের জাতীয় সম্পদ। যেহেতু লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছেন। সেহেতু মানুষের কিছু অসুবিধা হতে পারে। ইসলামের স্বার্থে নগরবাসী এই অসুবিধা মেনে নেবেন বলে আশা করছি।'
আল ইসলাম ট্রাস্টের সদস্য মাহবুব রশিদ ফরাজি বলেন, 'মানুষ যেন মাহফিলে আসে সে জন্য যথেষ্ট প্রচারণা চালানো হয়েছে। এটি ময়মনসিংহের বিভাগীয় মাহফিল। তবে অনেকে বিভাগের বাইরে থেকেও এসেছেন। এখনো আসছেন।'
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, 'মাহফিল চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাহফিলের স্থানসহ আশপাশে নজরদারি করছে।'
দেশে ফেরার পর গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মিজানুর রহমান আজহারীর প্রথম তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে তার আগমনের খবরে মানুষের ঢল নামে। পরে কক্সবাজার, যশোর, লালমনিরহাট, সিলেট, চট্টগ্রাম, পটুয়াখালী ও ঢাকার নবাবগঞ্জে তাফসির মাহফিলে অংশ নেন মিজানুর রহমান আজহারী। ময়মনসিংহে এটি আজহারীর অষ্টম মাহফিল।
কামরুজ্জামান মিন্টু/জোবাইদা/