নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে একই রাতে বিধবা হলেন বউ-শ্বাশুড়ি। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তথ্যমতে, ওই গ্রামের বৃদ্ধ কৃষক ছাবেদ আলী (৫৮) দীর্ঘদিন থেকেই নানা রোগে অসুস্থ। ওই অবস্থায় সংসারের হাল ধরেন ছেলে গোলাম রাব্বানী (৩৫)। তিনি সংসারের কৃষিসহ গৃহস্থালী কাজ করার পাশাপাশি রসুনের ব্যবসা করতেন। ওই আয়েই চলতো বাবার চিকিৎসার পাশাপাশি ৫ সদস্যর সংসারের খরচ।
বাবা অসুস্থ হলেও মা গুলেনুর বিবি (৫০), স্ত্রী সালমা বেগম (২৮), মেয়ে রিমি (৭) ও ছেলে সিয়ামকে (৪) নিয়ে রাব্বানীর ছিল সুখের সংসার। কিন্তু সম্প্রতি শারীরিক নানা সমস্যায় চিকিৎসা করাতে গিয়ে জানা যায়, শরীরে রক্তস্বল্পতার কারণে নানা অসুখে ভুগছিলেন রাব্বানী।
ডাক্তারের পরামর্শে চলছিল তার চিকিৎসা। হঠাৎ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই মারা যান রাব্বানী। তার মরদেহ রাত ১০ টার দিকে অ্যাম্বুলেন্সে বাড়ি পৌঁছলে বাবা হৃদরোগে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় অধিবাসী আব্দুস সালাম জানান, রবিবার সকাল ১০টায় বাবা-ছেলের জানাযা নামাজ শেষে দাদুয়া কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
কামাল মৃধা/মাহফুজ