নাটোরের বড়াইগ্রামে বিয়ে উপলক্ষে উচ্চশব্দে গান বাজানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে হামলায় বরের চাচা কামাল বেপারি (৩৫) নিহত হয়েছেন।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ওই গ্রামের ইসমাইল বেপারির ছেলে। তিনি একজন কৃষক।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট পরিবার, স্থানীয় অধিবাসী ও পুলিশ জানায়, শনিবার দুপুরে ওই এলাকার জালাল বেপারির ছেলে সুমন বেপারির পাশের লালপুর উপজেলার গোধরা গ্রামের নজিরউদ্দিনের মেয়ের সঙ্গে বিয়ে হয়। সন্ধ্যার কিছু আগে নববধূসহ বরযাত্রীরা ফেরার পর তরুণ স্বজনরা সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজানোর পাশাপাশি নাচ ও আনন্দ হৈ-হুল্লোড় করছিলেন। এ নিয়ে রাত ১১টার দিকে প্রতিবেশী আকু বেপারির তিন ছেলে সামসুল বেপারি (৪২), শাজাহান বেপারি (৫০) ও শাহাদাত বেপারি (৫৫) বিয়েবাড়িতে গিয়ে গান বন্ধ করতে বলে। এ নিয়ে উভয়পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে তারা কামাল বেপারিসহ উপস্থিত বরের পরিবারের লোকজনকে মারপিট করতে থাকে। এতে ঘটনাস্থলেই কামাল বেপারির মৃত্যু হয়।
নাটোর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহানারা বিউটি জানান, বিয়েবাড়িতে তরুণ প্রজন্ম হৈ-হুল্লোড় আনন্দ করেই। তবে উচ্চশব্দের কারণে পাশের কারও সমস্যা হলে প্রতিবেশীসুলভ আচরণে নিষেধ করা সমীচীন। প্রয়োজনে পুলিশ প্রশাসনকেও জানিয়ে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু কাউকে পিটিয়ে মারা বা বিয়েবাড়িতে হামলা করা আইন লঙ্ঘনের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনেরও শামিল।
তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
কামাল/মেহেদী/