জামালপুরে প্রশাসনের আশ্বাসে ৩৩ ঘণ্টা পর গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে শহরের জেলা বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ এবং জেলা শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান। ধর্মঘট প্রত্যাহার করায় ৩৩ ঘণ্টা পর দূরপাল্লার যানবাহন চলাচল শুরু করে।
এ সময় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, 'ধর্মঘট শুরুর পর থেকে কয়েক দফায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর সার্কিট হাউসে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বাস মালিক, শ্রমিক ও অন্যদের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সড়কে গাড়ির নিরাপত্তাসহ গাড়ি পোড়ানো ও শ্রমিকের ওপর হামলার সুষ্ঠু তদন্তের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।'
বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিবসহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
গত সোমবার (৩ মার্চ) দুপুর থেকে বাস পোড়ানো ও শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে গণপরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। ৩৩ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করায় আবারও গণপরিবহন চলাচল শুরু করায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের।
আসমাউল আসিফ/জোবাইদা/