ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে তেলবাহী ট্যাংকলরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন মোটরসাইকেলে থাকা আরও একজন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বন্দর উপজেলার মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বন্দর উপজেলার মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন মিয়া (১৬) এবং একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে মোহাম্মদ শিমুল (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের মদনপুরের দেওয়ানবাগ এলাকার চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতিতে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়।
ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মতিউর জানান, দুর্ঘটনার পরপরই লরিটিকে আটক করে এলাকাবাসী। নিহত দুইজনই দুর্ঘটনার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতে মারা গেছেন। তাদের নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
আহত-নিহতরা তিনজন কিশোরই বন্ধু বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। তিনি জানান, ঘটনার পর লরি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিল্লাল হোসাইন/জোবাইদা/