চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে দুটি পোশাক বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তাদের তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সময় অপরিচ্ছন্ন পরিবেশে দই তৈরি ও সেগুলো মেয়াদহীন থাকার কারণে একটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় তাকে সহযোগিতা করেন সংস্থাটির সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ।
ভোক্তা অধিকারের কমর্কতর্কারা জানান, বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ভারতীয় প্রতিষ্ঠানের ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করা, বিদেশি প্রতিষ্ঠান থেকে কেনার ভাউচার না থাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অপরাধে সেলিম পাঞ্জাবি মিউজিয়াম নামের প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই অপরাধে ওই মার্কেটের পরিস্থান নামের আরেকটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, মেয়াদহীন দই এবং তার মধ্যে ক্ষতিকর ময়লা আবর্জনা থাকায় পূরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি নামের একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।