চট্টগ্রামের মিরসরাইয়ে নদী ও ফসলী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এক নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে উত্তোলনকারীরা। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার মোল্লাবাড়ির বাসিন্দা মাহমুদুল হকের ছেলে নাজিম উদ্দিন (৫৫), একই বাড়ির জালাল আহম্মদ (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।
আহত নাজিম উদ্দিনের ছেলে শিপন আহমেদ জানান, গেল কয়েকদিন ধরে তাদের জমি কেটে স্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তেলন করছে স্থানীয় সিরাজ মেম্বার, মুরাদ, সজিব ও মিজান। শনিবার সকালে তাদের বালু উত্তোলনে বাধা দিলে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে মোল্লা বাড়িতে হামলা করে ও তার বাবাসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে।
তিনি বলেন, বিগত কয়েক মাস ধরে আমাদের পুরো এলাকায় ফেনী নদী থেকে ও মানুষের জায়গা জমি কেটে বালু উত্তোলন করছে। কেউ প্রতিবাদ করলে তাদের উপর অত্যাচার করা হয়। দিনে রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে মানুষের ঘুম হারাম করে দিচ্ছে।
তবে হামলা ও কুপিয়ে জখমের অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম মেম্বার বলেন, আমাদের নেতৃত্বে হামলার ঘটনা সত্য নয়। তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, অলিনগরে বালু উত্তোলনকে ঘিরে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাফিন/সিফাত/