টাঙ্গাইলের সখীপুরে ছামান আল চিশতির মাজারের ৭৪ শতাংশ জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বিরুদ্ধে।
এই অভিযোগে মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে তক্তারচালা ছামান আল চিশতির মাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন মাজারের বর্তমান কর্তৃপক্ষ ও ছামান আল চিশতির ছেলে পীরজাদা আয়নাল হক।
লিখিত বক্তব্যে আয়নাল হক বলেন, ‘তার চাচাতো ভাই জয়নাল আবেদীন ২০০৩ সালে ৬৪ শতাংশ এবং ২০০৪ সালে ১০ শতাংশ জমি মাজারের নামে দলিল করে দেন। তখন বঙ্গবীর কাদের সিদ্দিকী তার বাসভবনে এসে দলিলে স্বাক্ষর করেন। তবে সম্প্রতি জানা যায়, কাদের সিদ্দিকী এই জমি মাজারের নামে না লিখে প্রতারণার মাধ্যমে নিজের নামে দলিল করেছেন। সম্প্রতি কাদের সিদ্দিকী মাজার কর্তৃপক্ষের অজান্তে ২২ শতাংশ জমি বিক্রি করেন বলে জানতে পারেন তারা। গত ২৩ মার্চ বিক্রেতার কাছে জমি বুঝিয়ে দেওয়ার জন্য পরিমাপ করতে এলে মাজার কর্তৃপক্ষ বাধা দেন। পরে কাদের সিদ্দিকী বাধার মুখে সেখান থেকে চলে যান।
জমিদাতা জয়নাল আবেদীন জানান, তিনি মাজারের নামে নামমাত্র মূল্যে জমি দিয়েছিলেন কিন্তু কাদের সিদ্দিকী তার বাসায় এসে দলিলে স্বাক্ষর করিয়ে জমি নিজের নামে লিখে নেন, যা তিনি তখন বুঝতে পারেননি।
সংবাদ সম্মেলনে মাজার কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান নবীন হোসেন এবং ছামান আল চিশতির ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
জুয়েল/তাওফিক/