ছবি: খবরের কাগজ
দুই শতাধিক জাতের আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের আম মেলা শুরু হয়েছে আজ।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলায় সরকারি ও বেসরকারি ১৭টি স্টলে আমভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলার প্রধান আকর্ষণ হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুই শতাধিক জাতের সুমিষ্ট আমের প্রদর্শনী। এছাড়াও মেলায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ফল।
আয়োজকরা জানান, ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের উৎসাহিত করাই এই মেলার মূল লক্ষ্য। মেলা ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ২০ জুন এই আম মেলা শেষ হবে।
উদ্বোধন উপলক্ষে মেলার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আম শুধু একটি ফল নয়, এটি চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। আমের উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে আরো উন্নয়ন ঘটাতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল। আম চাষ, সংগ্রহ, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা রয়েছে।
সভাপতির বক্তব্যে উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ দেশের ‘আমের রাজধানী’ হিসেবে সুপরিচিত। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আম চাষের মাধ্যমে কৃষকরা এখন অধিক লাভবান হচ্ছেন।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিনসহ কৃষকরা।
আসাদুল্লাহ/আমান