নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে রিয়াজুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গত বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত রিয়াজুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তার রিয়াজুল ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। ভুক্তভোগী শিশুকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে নুরা বেপারীর বাড়িতে অভিযুক্ত যুবক রিয়াজুল ইসলাম ও ভুক্তভোগী শিশুর পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। ওই শিশুর বাবা রংয়ের কাজ এবং মা অন্যের বাড়িতে কাজ করেন। তাদের তিন সন্তানকে রেখে তারা কাজে চলে যান। গত বুধবার সকাল ৯টার দিকে বাড়ি ফাঁকা পেয়ে শিশুকে ডেকে আনে রিয়াজুল। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশায় তুলে জৈনপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা ওই যুবককে ধাওয়া দিলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে রতনপুর এলাকা থেকে অভিযুক্ত রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ইমরান/এসজি/