নোয়াখালীর সুবর্ণচরে ঈদের কেনাকাটায় এসে এক কলেজছাত্রী এবং তার মা-ভাইকে হেনস্তা করার অভিযোগ উঠছে যুবদল নেতা রবিউল হোসেন কচি ও তার ছেলে শাকিলের বিরুদ্ধে।
শনিবার (২২ মার্চ) বিকেলে স্থানীয় হারিছ চৌধুরী বাজারে কচির দোকানে শাড়ি পছন্দ হয়নি বলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে সুবর্ণচর প্রেস ক্লাবে মা-ভাইকে নিয়ে সংবাদ সম্মেলন করে পরিবারের নিরাপত্তা ও অপরাধীদের শাস্তির দাবি করেন ওই ছাত্রী।
রবিউল হোসেন কচি সুবর্ণচর ইউনিয়নের চরজুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবলী গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি চরজুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও হারিছ চৌধুরী বাজারের ফ্যাশন ক্লথ স্টোরের মালিক।
ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার বিকেলে মাসহ ঈদের কেনাকাটায় যান ওই ছাত্রী। কচির দোকানে শাড়ি দেখে পছন্দ হয়নি বলায় তার ছেলে শাকিল মা-মেয়েকে অশ্লীল কথা বলে উত্ত্যক্ত করেন। এতে বাধা দিলে তাদের দুজনকে হেনস্তা করা হয়। খবর পেয়ে কলেছছাত্রীর ছোটভাই জানতে আসলে তাকে মারধর করেন যুবদল নেতা রবিউল হোসেন কচি।
যুবদল নেতা রবিউল হোসেন কচি খবরের কাগজকে বলেন, ‘আমি দোকানে ছিলাম না। শাড়ি কিনতে এসে মা-মেয়ের সঙ্গে আমার ছেলের তর্কাতর্কি হয়। আমি দোকানের যাওয়ার পর ওই ছাত্রীর ভাই দোকানে গিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করে। পরে তাদের সঙ্গে আমাদের হাতাহাতির ঘটনা ঘটে।’
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া খবরের কাগজকে বলেন, ‘দোকানির পক্ষ থেকে অভিযোগ এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগের তদন্ত এবং জিডির তদন্তের অনুমতির জন্য আদালতে পাঠানো হয়েছে।’
ইকবাল হোসেন/সুমন/