সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পাখির মাংস বিক্রির ২৫ রেস্তোরাঁ উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। গত বুধবার (২ এপ্রিল) সকালে মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
জানা যায়, জৈন্তাপুরের হরিপুর বাজারে সাত বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের প্রায় আট একর জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছিল একটি চক্র। তবে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় বুধবার প্রায় তিন একর জায়গা উদ্ধার করা হয়। এর আগে হরিপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরে যাওয়া নির্দেশ দেওয়া হয়। ইউএনও জর্জ মিত্র চাকমা বলেন, ‘ইতোমধ্যে কিছু সম্পত্তি উদ্ধার করে সেখানে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে। পর্যায়ক্রমে সব দোকান উচ্ছেদ করা হবে।’
অভিযানে উপস্থিত ছিলেন হরিপুর গ্যাস ফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের মেজর মাজহারুল ইসলাম নওশাদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম। এ ছাড়া সিলেট তামাবিল মহাসড়ক ছয় লেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ইকবাল হায়াৎ, সিলেট বিভাগ সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সোলায়মান, উপসহকারী প্রকৌশলী শামীম আহমেদ প্রমুখ।