জামালপুরে ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমীর স্নানোৎসব চলছে।
শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে শহরের শ্মশানঘাট এলাকায় এ স্নান উৎসব শুরু হয়, যা দুপুরে শেষ হবে।
সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনার মধ্য দিয়ে নিজেদের পবিত্রতা ও সবার মঙ্গলের প্রত্যাশায় অষ্টমীর স্নানে অংশ নেন।
জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে অর্ধলাখের বেশি পূণ্যার্থীর সমাগম ঘটবে ব্রহ্মপুত্র নদের তীরে।
অষ্টমীর স্নান উপলক্ষে প্রতিবছরের মতো এবারও জামালপুর শহরের প্রায় সাড়ে তিন শ বছরের পুরনো দয়াময়ী মন্দির এলাকায় বসেছে তিন দিনব্যাপী অষ্টমীর মেলা। মেলায় নাড়ু, গজা, সাজ-ঝুড়ি, জিলাপি, মিষ্টির দোকান ছাড়াও কাঠের আসবাবপত্রের দোকান রয়েছে।
শ্রী শ্রী দয়াময়ী মন্দির কমিটির সভাপতি সিদ্ধার্থশংকর রায় বলেন, ‘সনাতন ধর্মের অন্যতম উৎসব অষ্টমী স্নান। অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই উৎসবে। পূণ্যস্নান, পূজা-অর্চনা ও অষ্টমীর মেলাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান সবার মাঝে আনন্দ বিরাজ করছে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, পূণ্যস্নান ও অষ্টমীর মেলাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।
আসমাউল আসিফ/সুমন/