মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্য বোরহান মোল্লা মারা গেছেন।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বোরহান মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং সদর উপজেলার চরব্রাহ্মণদী এলাকার মান্নান মোল্লার ছেলে।
স্বজনরা জানান, আধিপত্য বিস্তারের জেরে চরব্রাহ্মণদী এলাকার শিমুল সরদারের সঙ্গে বিরোধ চলছিল বোরহান মোল্লার। ব্যক্তিগত কাজ শেষে শনিবার দুপুর ১২টার দিকে ইজিবাইকে করে শহরের পুরান বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পরে শহরের চৌরাস্তা এলাকায় গেলে বোরহানের ওপর হামলা চালায় শিমুল সরদার ও তার লোকেরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে। বোরহানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বোরহানকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘বোরহান মোল্লার নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’
রফিকুল/পপি/